কল্যাণ ডেস্ক:
কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এটি শার্লি বচওয়ের প্রথম সরকারি বাংলাদেশ সফর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে সংলাপ জোরদারের অংশ হিসেবে এ সফরটি আয়োজন করা হয়েছে।
তিনি ২০ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন এবং চার দিনের ব্যস্ত সূচি শেষে ২৪ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।
সফরকালে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতারা এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।
বৈঠককালেই শার্লি বচওয়ে অংশীদারদের জানাবেন কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে। পাশাপাশি বাংলাদেশের জনগণের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে কী ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে, সে ব্যাপারেও তিনি মতামত নেবেন।
