নিরঞ্জন চক্রবর্তী, নেংগুড়াহাট
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহিনী প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সড়কের রাস্তা খুঁড়ে রাখায় বৃষ্টিতে ছোট বড় গর্তে, কাদা ও পানি জমে রয়েছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তায় চলাচল করছেন। টানা ভারি বর্ষণে খোয়া, বালু বসে গিয়ে সড়কটিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণসহ যানবাহনের চালকরা।
এদিকে সড়কটি সংস্কারের কাজ চলমান থাকলেও বালু ও ইটের খোয়া ভরাট না করার কারণে অতিবর্ষার পানি জমে যেনো খালে পরিণত হয়েছে।
স্থানীয় ও বিভিন্ন যানবাহন চালকেরা বলেন, এমনিতেই সড়কটি ছোট-বড় গর্তের কারণে চলাচল করতে কষ্ট হচ্ছে। আবার সড়কটি খুঁড়ে রাখার কারণে বর্তমানে কাদা হয়ে গেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এ বিষয়ে ঠিকাদারদের বক্তব্য নেওয়ার জন্য তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী বাস, ইজিবাইক, মোটর ভ্যান, মোটরসাইকেল এবং মালবাহী ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন। এমতাবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের বিষয়টি দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
