নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসন এলাকায় ভোটের আগের রাতে ও ভোটের দিন সকালে শহরের অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আনসার সদস্য মারুফ হাসান। আহতের ঘটনায় মিজানুর রহমান নামে একজনকে পুলিশ আটকের গুঞ্জন উঠলেও স্বীকার করেনি সংশ্লিষ্টরা।
ভোট চলাকালে বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ১২টি মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন জখম হয়েছেন। এরমধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য মারুফ হোসেন, ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের রুবেল খাঁ, বাদশা মিয়া, মণিরামপুর উপজেলার হেলাঞ্চী-কৃষ্ণবাটির সাধন কুমার, মশিউর রহমান, বেনাপোল পৌর এলাকার জুয়েল হোসেন, শাওন হোসেন, উজ্বল হোসেন, যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার আসাদুজ্জামান আসাদ, জিসান হোসেন, নয়ন হোসেন ও রিপন হোসেন।
যশোর-৩ সদর আসনে শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্বরত আনসার সদস্য মারুফ হোসেনকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। ওই বোমার স্প্রিন্টারে মারাত্মক আহত হন আনসার সদস্য মারুফ। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের হাতে মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে জানা গেলেও স্বীকার করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যশোর-১ (শার্শা) আসন বেনাপোল ছুরিকাঘাত, আহত ৩ : নির্বাচনে মাঠে আসতে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বেনাপোলে। রোববার সকাল ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী লিটনের বাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
যশোর-১ আসনের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের কর্মীসমর্থকদের উপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের কর্মী সমর্থকরা। এতে ছুরিকাঘাত হয়েছেন বেনাপোল পাটবাড়ির আব্দুস সামাদের ছেলে ছাত্রলীগের প্রচার সম্পাদক জুয়েল রানা, একই সাথে আহত হয়েছেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হুসাইন এবং মাহতাব উদ্দিনের ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন। পৌর ৩ ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজানের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে ভোট দেয়া দেখতে গিয়ে ছুরিকাহত হয়েছেন বাদশা মিয়া নামে এক কিশোর। বাদশা মিয়া ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। উপজেলার মাটিকুমড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে তুচ্ছ ঘটনায় আন্দোলপোতা গ্রামের আহম্মেদ খাঁ জুনার ছেলে রুবেল হোসেন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহত বাদশা মিয়া জানিয়েছেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর লাল্টু মিয়া নৌকার পক্ষে কাজ করছেন। রুবেল ভোট দিয়ে বাড়ি ফেরার পথে লাল্টু মেম্বারের সাথে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে মেম্বারের নেতৃত্বে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন, জব্বার গাজীর ছেলে জহুরুল ইসলাম, রওশন আলীর ছেলে আজিজুল হক ছুরিকাঘাত করে রুবেলকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর-৩ সদর আসনের ঘোপ এলাকার বিএড কলেজ কেন্দ্রে সেন্ট্রাল রোডের মনির হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে নৌকা প্রতীকের লোকজন। আসাদকে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জিসান, নয়ন, রিপন।
প্রত্যক্ষদর্শী ও তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহতরা ভোট দিতে গেলে তাদেরকে বাধা দেয় নৌকা প্রতীকের কর্মীরা সমর্থকেরা। এদের মধ্যে সেন্ট্রাল রোডের আরাফাত মুনাফ লিটন হত্যা মামলার আসামি রাসেল, সুমন, রেজওয়ান, সিয়ামসহ আরো ৫/৬ জন ছিল।
যশোর-৫ মণিরামপুর আসনে নৌকার সমর্থকদের হামলায় ঈগলের দুই সমর্থক ছুরিকাহত হয়েছেন। উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি-কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা ঈগলের নির্বচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস ও ঈগলের নির্বাচনী পরিচালনা পরিষদের আহ্বায়ক মশিয়ার রহমানকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানিয়েছেন, নৌকার কর্মীসমর্থক খেদাপাড়ার জিন্না, হাবিবুর রহমান ও মনুসহ কয়েকজন তাদের উপর চায়নিজ কুড়াল দিয়ে হামলা চালায়।
এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেসন্স এন্ড ক্রাইম) বেলাল হোসাইন জানিয়েছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ করা হয়েছে। দু’একটা বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। সেগুলো তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
