নিজস্ব প্রতিবেদক
বৃক্ষরোপণের মাধ্যমে যশোরের বেনাপোল বন্দর নগরীকে আধুনিক গ্রিন (সবুজ) শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দীন। মঙ্গলবার দুপুরে বেনাপোল আওয়ামী লীগের কার্যালয়ে নাগরিক সুবিধা সম্বলিত ২৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। ইসতেহারে উল্লেখ যোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, ‘বেনাপোল পৌর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে ভবনের প্ল্যান অনুমোদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ; শহরের জলাবদ্ধতা নিরোসনে পয়ঃনিষ্কাশন ড্রেন (নালা) সংস্কার ও নতুন করে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ; সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলা; পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে বেনাপোল শহরকে গ্রিন সিটিতে পরিণত করা আমার অন্যতম অঙ্গীকার। বেনাপোল শহরকে একটি স্মার্ট ও আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে প্রার্থী নাসির উদ্দীন বলেন, শতভাগ নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বেনাপোল পৌরসভা পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি বলেন, ‘এই শহরে বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদানসহ সরকার প্রবর্তিত সব ধরনের ভাতা যথাযথভাবে বণ্টন করা হবে।’
আগামী ১৭ জুলাই কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বেনাপোল পৌর সভাকে একটি উন্নত ও আদর্শ করপোরেশনে রূপ দিতে তিনি সবার সহায়তা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শিক্ষক ইব্রাহিম খলিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, জেলা যুবমহিলা লীগের সালমা আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অহেদুজ্জামান অহিদ প্রমুখ। প্রসঙ্গত, আগামি ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রার্থী অংশ নিচ্ছে না। তবে আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. নাসির উদ্দীনসহ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন। দুইজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন।
