নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রেলগেট এলাকা থেকে উদ্ধার হওয়া আরবিনা (৭) নামে এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল দৈনিক কল্যাণসহ আরো একটি পত্রিকায় নিখোঁজ শিশুটির খবর ও ছবি ছাপা হয়। যা দেখে স্বজনরা থানায় আসেন। পরে শিশুটিকে তার বাবা ও দাদীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
শিশুটির বাড়ি রাজশাহী। তার পিতার নাম আরিফ। দাদা ও দাদী যশোর শহরের ঘোপ বৌ-বাজার এলাকায় বসবাস করেন। দাদা শাহিনুর রহমান রিকশা চালক। দাদা-দাদীর কাছে আসতে মঙ্গলবার শিশুটি বাড়ির কারো না জানিয়ে রাজশাহী থেকে ট্রেনে যশোর আসে। সে স্বজনদের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছিলো না। সন্ধ্যার দিকে তাকে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় পাওয়া যায়।
শিশুটির দাদী রিনি খান মুঠোফোনে দৈনিক কল্যাণকে বলেন, আমরা মঙ্গলবার থেকেই শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজ করছিলাম। বুধবার সকালে যশোর শহরের ঘোপ বৌ-বাজারে পত্রিকায় ছবি ও খবর দেখেন এক পরিচিতজন। তখন তিনি আমার এসে খবর দেন। আমরা থানায় গিয়ে শিশুটির খোঁজ পাই। এরমধ্যে আমার ছেলেও যশোর এসে পৌছায়। পরে থানায় গেলে যশোর কোতোয়ালি থানার শিশু ডেস্কের কর্মকর্তা এসআই শারমিন, প্রবেশন কর্মকর্তা আব্দুল ওহাব, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশের উপস্থিতিতে আরবিনাকে আমাদের কাছে দেওয়া হয়।