‘আগের চেয়ে টহল টিম বৃদ্ধি করা হয়েছে। কঠোর নজরদারিতে রাখা হয়েছে গোটা জেলাকে।
– পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার
নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বানচাল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে সরকারের ধারণা। বিভিন্ন স্থানে আগুনের ঘটনা তারই অংশ বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে আরও বড় ধরণের নাশকতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন দেশের গোয়েন্দা বাহিনীসহ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। আর তা রুখে দিতে দেশ রক্ষায় নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সে মোতাবেক যশোরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ সন্ত্রাস-নাশকতা মুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে। ইতিপূর্বে থাকা টহলের চেয়ে আরও টহল টিম বৃদ্ধি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারিতে রেখেছে গোটা জেলা।
দুয়ারে মাহেন্দ্রক্ষণ। আগামী ২৫ জুন সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেয়া হচ্ছে স্বপ্নের পদ্ম সেতু। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বাংলাদেশে সর্বত্রই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হলেও চলবে ৩০ জুন পর্যন্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অনুষ্ঠানে ১০ লাখের বেশি মানুষ জড়ো হতে পারে।
কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে আশঙ্কার সুর। আর এই সকল অপতৎপরতার পেছনে প্রবাসে থাকা সাবেক সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান জড়িত আছেন বলে তথ্য পাওয়া গেছে। আর সেটা বর্তমান সরকারের উন্নয়নে বাধাগ্রস্থ করতে বিরোধী দল ও সন্ত্রাসবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো সেতু উদ্বোধনের আগেই নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১১ জুন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ এক যুবককে গ্রেপ্তার করে। আদালতে ওই যুবকের দেয়া জবানবন্দির ভিত্তিতে প্রবাসে থাকা সাবেক সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান এই ঘটনার সাথে জড়িত আছেন বলে জানা যায়।
ফলে সারা দেশেই এই পদ্মা সেতু উদ্বোধনের আগে বোমা হামলা, অগ্নি সংযোগসহ নানা ধরণের নাশকতা মূলক কর্মকা- ঘটতে পারে বলে আইন শঙ্খলা বাহিনী জানতে পেরেছে। যশোরেও এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তা জানান, ইতিমধ্যে নির্দেশনা পেয়েছি। মাঠ পর্যায়ে আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করছি কেউ কোনো নাশকতার পরিকল্পনা করলে আমরা আগেই খবর পেয়ে যাবে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানিয়েছেন, যশোরে যে কোন ধরণের সন্ত্রাসী বা নাশকতা মূলক কর্মকা-কে প্রতিহত করতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে বা পরে নাশকতামূলক কর্মকা- প্রতিহত করতে আগের চেয়ে টহল টিম বৃদ্ধি করা হয়েছে। কঠোর নজরদারিতে রাখা হয়েছে গোটা জেলাকে।