কল্যাণ ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা অত্যন্ত সংকটজনক। গতকাল শনিবার রাতে তার অন্তত ১০ বার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে কমপক্ষে ১০ বার এই অভিনেত্রীর ছোট হার্ট অ্যাটাক হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে সিপিআর দেওয়া হয়েছে। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলাকে সিপিআর দেওয়া হয়েছে। এখনো ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন এই অভিনেত্রী। সব ধরনের সাপোর্টে থাকা সত্ত্বেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা সারাক্ষণ তার সঙ্গেই রয়েছেন।
এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ঐন্দ্রিলাকে নিয়ে করা সব পোস্ট ফেসবুক থেকে মুছে দিয়েছেন অভিনেত্রীর প্রেমিক সব্যসাচী চৌধুরী।
এর আগে গত ১ অক্টোবর রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন এই ভারতীয় অভিনেত্রী। এর পর থেকে কলকাতার হাওড়ায় একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। গত ১৬ নভেম্বর সকালে ঐন্দ্রিলা শর্মার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। পরে গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে আশার বাণী শোনান সব্যসাচী।