নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক রাজা সান্তারার (২২) বিরুদ্ধে কোতোয়ালি যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। রাজা সান্তারার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হামদহ গ্রামে। আর ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে।
কলেজের প্রভাষক শাহীনা আক্তার জানিয়েছেন, বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ইংরেজি আনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। তিনিসহ আরো দুইজন প্রভাষকের চতুর্থতলা ভবনের ৪০৭ নম্বর রুমে দায়িত্ব ছিলো। দুপুর দুইটার দিকে পরীক্ষার হলে আটক রাজার তাকানো ও ভাবমূর্তি সন্দেহজনক ছিলো। তিনি তার প্রবেশপত্র যাচাই করে দেখেন প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডে আক্তারুজ্জামান (২২) লেখা আছে। রোল নম্বর-১৬২১৯০৩০৬০৩। শিক্ষাবর্ষ ২০১৬-১৭। যশোর ক্যান্টনমেন্ট কলেজ। পরবর্তীতে অন্যান্য শিক্ষার্থীদের কাছে তাকে চেনে কিনা জিজ্ঞাসা করলে কেউ তাকে চিনতে পারেনি। মূলত রাজা সান্তারা নিজের পরিচয় গোপন করে আক্তারুজ্জামানের পরীক্ষা দিচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদ করলে রাজা সত্যতা স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে।