নিজস্ব প্রতিবেদক
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদে ৯ম গ্রেডে বাস্তবায়ন, পদোন্নতির জট, প্রশাসনিক দুর্বলতা আর দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫অক্টোবর) দুপুরে জিলা স্কুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। এতে সরকারি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আজ শিক্ষক দিবসে ফুল নিতে আসিনি, এসেছি আমাদের ন্যায্য অধিকার ফেরত পেতে। শিক্ষকদের বঞ্চনা দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থেই এই ৫ দফা দাবি জানানো হয়েছে। ’
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর বর্তমান সরকার যে শিক্ষা সংস্কারের ঘোষণা দিয়েছে, আমরা আশা করি সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষাব্যবস্থার কাঠামোগত উন্নয়ন হবে।
শিক্ষকদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান প্রবর্তন, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক দপ্তরগুলোর স্বতন্ত্য রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ দ্রুত প্রদান।
শিক্ষকরা জানান, সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন, কিন্তু পদোন্নতির সুযোগ মাত্র ৪ শতাংশের। ফলে অনেকে ৩০ বছরের বেশি সময় একই পদে থেকে অবসর নিচ্ছেন। এতে পেশাগত মর্যাদা ক্ষুণœ হচ্ছে, আর শিক্ষার মানও ব্যাহত হচ্ছে।
শিক্ষকরা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন চাইলে আগে প্রশাসনিক কাঠামো ঠিক করতে হবে। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সুফল মিলবে। আগামী ১০দিনের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা না হলে চাকরিবিধি মেনে মানববন্ধন, মহাসমাবেশের আয়োজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, জিলা স্কুল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খালিদ হোসেন প্রমুখ।
