নিজস্ব প্রতিবেদক
জমির ব্যবসার কথা বলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নড়াইলের ফরিদ আহম্মেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আটক করেছে। ফরিদ নড়াইল জেলার দুর্গাপুর গ্রামের মৃত মোজাহার ফকিরের ছেলে।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২৪ জুন রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুর্গাপুরের বাড়ি থেকে ফরিদকে আটক করা হয়। পরের দিন ২৫ জুন দুর্গাপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মিজানুর রহমান নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলায় তিনি বলেন, ফরিদ নিজেকে একজন রিয়েলস্টেট ব্যবসায়ী বলে বিভিন্ন জনের কাছে পরিচয় দিয়ে আসছে। সে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের টার্গেট করে প্রতারণার ফাঁদ তৈরি করে। সেই মোতাবেক বিভিন্ন জনকে জমির ব্যবসা করে অধিক লাভ করার প্রলোভন দেখায়। অনেকে তার কথায় বিশ^াস করে ব্যবসার করার জন্য টাকা দেয়। একই ভাবে ভিকটিম মিজানুর রহমানের (৪৫) কাছে আসামি ফরিদ আহম্মেদ জমি ব্যবসার কথা বলে কিছু টাকা চায়। জমির ব্যবসা করে অনেক কিছু করেছে বলে জানায়। ১ লাখ টাকা দিলে টাকার বিপরীতে প্রতিমাসে ৫ হাজার ৫শ টাকা করে দিবে বলে প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হয়ে ২০২২ সালের ৩০ এপ্রিল সকালে তার দূর্গাপুর বাসায় হাজির হয়ে ফরিদকে নগদ ৩ লাখ টাকা দেয়। কয়েক বারে আসামিকে ভিকটিম সর্বমোট ১৪ লাখ টাকা দেয়। এছাড়াও একই ভাবে ওই এলাকার আশিষ কুমার দাশ (৪৫) ৮ লাখ, রাফেজা পারভীন (৫৫) ৬ লাখ ও জহুরুল ইসলাম (৭২) ২ লাখ টাকা দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোনায়েম হোসেন জানান, অনুসন্ধানকালে আসামি ফরিদ আহম্মেদ ঘটনার সাথে জড়িত বলে সত্যতা পাওয়া যায়।
