নিজস্ব প্রতিবেদক: পুনশ্চ যশোর আয়োজিত শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠান হয়। শিশু-কিশোরদের গান, নৃত্যে ও অভিনয়ে মাঠভরা দর্শক- শ্রোতা বিমোহিত হন।
অনুষ্ঠানে সংগঠনের শিশু, কিশোর ও সাধারণ বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থীরা আবৃত্তি, গণসংগীত, সমবেত সংগীত, সমবেত নৃত্য পরিবেশনসহ শিশুতোষ নাটক ‘একান্নবর্তী’ মঞ্চস্থ করে।
বিকেলে অনুষ্ঠানের শুরুতে শিশুশিল্পীদের পরিবেশনায় দুইটি দেশের গান ও আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়া আবৃত্তি ও গুচ্ছ গান পরিবেশন করে শিশুশিল্পী দিব্য, প্রত্যয়, অভিরূপ, সূর্য, আহণা, স্বস্তি, আরোহী, উৎস, পরম ও অশেষ। এরপর হয় কিশোর বিভাগের পরিবেশনায় সমবেত সঙ্গীত।
শিশুদের পরিবেশনায় হয় পরপর দুইটি সমবেত নৃত্য। দ্বৈত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন ছড়া ও আদৃতা, দীক্ষা ও আরাধ্যা, রশ্মি ও নির্ঝর, মৌমিতা ও প্রীতিলতা। পুনশ্চ যশোরের প্রযোজনায় নাটক একান্নবর্তী মঞ্চায়নের আগে সমবেত নৃত্য, পরপর দুটি সমবেত সঙ্গীত ও কিশোর বিভাগের সমবেত লালনের গান পরিবেশিত হয়।