ঢাকা অফিস
রাজধানীর পূর্বাচল নতুন শহর সরকারি আবাসন প্রকল্পে ২০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক মামলায় এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই রায়ে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আজমিনা সিদ্দিককে এক মামলায় সাত বছর এবং শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব ববিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে দুই মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের প্রত্যেককে প্রতিটি মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মামলার পটভূমি
গত ১৩ ও ১৮ জানুয়ারি পৃথক দুই মামলায় রাষ্ট্রপক্ষ ও কারাগারে থাকা একমাত্র আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ এবং পরবর্তীতে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
অভিযোগের বিবরণ
দুদক জানায়, চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচল প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়, যদিও তারা বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না।
ছয়টি মামলার মধ্যে এ পর্যন্ত চারটির রায় হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা, তার দুই সন্তান, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
