নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি ও মাছের খাদ্য বিক্রির অপরাধে র্যাব-৬ যশোরের বসুন্দিয়ার যমুনা ফিডস লিমিটেড কোম্পানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর সদরের বসুন্দিয়ার যমুনা ফিডস লিমিটেড বগুড়া জেলায় অবস্থিত আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড ও যশোর মণিরামপুরের তিতাস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি এন্ড ফিস ফিড ভোক্তাদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছে।
এই সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে পৌনে ৫ টা পর্যন্ত র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি নাজমুল হক ও মাহমুদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারের সমন্বয়ে একটি আভিযানিক দল যমুনা ফিডস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সদরের পদ্মবিলার মৃত রফিক মল্লিকের ছেলে শাহআলম মল্লিককে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪৩ এর ১৩ ও ২০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে।