নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক এবং পত্রিকার কেশবপুর প্রতিনিধিসহ চারজনের বিরুদ্ধে বুধবার আদালতে মানহানির মামলা হয়েছে। কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন জাকারিয়া মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন, কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ ও আসির উদ্দিন গাজীর ছেলে সেকেন্দার আলী গাজী।
মামলার বিবরণে জানা গেছে, আসামিরা ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া এবং পরিবারের সদস্যদের যেনতেন অপবাদ দিয়ে মানহানি ঘটানো ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এরই সূত্র ধরে আসামিদের মধ্যে সেকেন্দার আলী গাজী ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। এতে তিনি প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়। কিন্তু তদন্তে তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। যা গত ১৫ মে যশোরের দুইটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। চাল চুরির অভিযোগের ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া নির্দোষ প্রমাণিত হওয়ায় উল্লিখিত আসামিরা ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েন। এরপর তারা পরস্পর যোগসাজসে সম্মানহানির জন্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে ‘ঈদ উপহারের চাল চুরির খবর প্রকাশ করায় কেশবপুরে সাংবাদিকের ওপর হাতুড়ি বাহিনীর হামলা, নিন্দার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে ফারুক হোসেন জাকারিয়ার সামাজিক সুনাম ও মানহানি ঘটেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে মামলায়।
