নিজস্ব প্রতিবেদক
যশোর এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত জেইসিএ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যালো পান্ডার কাছে হেরে যায় রিপন অটো। দ্বিতীয় ম্যাচে হারতে হারতে জয় পায় রিপন অটো। এ জয়ে আত্মবিশ্বাস পাওয়া রিপন অটোর খেলোয়াড়রা গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেসে খেলে যশোর রেঞ্জার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। রিপন অটো দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে ফাইনালে উঠলেও কাগজে কলমে অনেকেই শিরোপা জয়ের জন্য হ্যালো পান্ডাকে এগিয়ে রেখেছিলো। তবে কাগজের হিসাবকে বদলে দিয়ে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিপন অটো। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ক্ষণে ক্ষণে রূপ বদলানো ম্যাচে ১৩ রানে হ্যালো পান্ডাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিপন অটো।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রিপন অটোর অধিনায়ক সাদমান রহমান। ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দলটি। দলকে ফাইনালে তুলতে সামনে নেতৃত্ব দেয়া সাদমান রহমান এদিন ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। সাদমান রহমান ক্রিজে থাকার সময় মনে হচ্ছিল প্রথমবারের টুর্নামেন্টের ১৫০ ছাড়ানো স্কোর পেতে যাচ্ছে। তবে সাদমান আউট হওয়ার রিপন অটোর ইনিংসে খুব বেশি গতি পায়নি। তবে শেষ দিকে মারুফ, সাদ, শিবলি ও হাসানুরের ছোট ছোট ইনিংসে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১২৯ রান করে রিপন অটো। রিপন অটোর ব্যাটিং ইনিংসে হোসেন ১৬, আলিফ ১২, সাদমান ২৯, আজমান ২০, মারুফ ১৪ ও সাদ করেন ১৩ রান। বল হাতে হ্যালো পান্ডার সৈকত মল্লিক তিনটি, আব্দুল্লাহ আল মামুন দু’টি, একটি করে উইকেট নিয়েছেন মেহেরান হোসেন নিলয় ও নাইমুর রহমান কৌশিক।
জবাব দিতে নেমে জয়ের দিকেই ছিলো হ্যালো পান্ডা। কিন্তু ইয়াসিনের রান আউট তাদের সব কিছুই ওলট পালট করে দেয়। জয় থেকে ১৪ রান দূরে থাকতে তাদের ইনিংস গুটিয়ে যায়। অথচ তাদের হাতে তখনও বল ছিলো নয়টি। হ্যালো পান্ডার ব্যাটিং ইনিংসে হাসান আল মামুন ২৭, আব্দুল্লাহ আল মামুন ২৬ ও ইয়াসিন করেন ২৩ রান। বল হাতে রিপন অটোর বাঁহাতি স্পিনার আজমান চারটি, একটি করে উইকেট নিয়েছেন শিবলী, হোসাইন ও রাইসুল।
ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন রিপন অটোর আজমান হোসেন। এছাড়া এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন দ্বীপ স্পোর্টিংয়ের মিকাইল। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী রিপন অটোর শিবলী। একই দলের সাদমান হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেরা ফিল্ডার হয়েছেন হ্যালো পান্ডার নাইমুর রহমান কৌশিক। ইমার্জিং খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিপন অটোর হোসাইন।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার রওনক জাহান। যশোর এক্স-ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক ও যশোর জেলা দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, আসাদুল্লাহ খান বিপ্লব। রিপন অটো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আইয়াজ উদ্দিন রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন রিপন অটো প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, হ্যালো পান্ডা স্কোয়াডের টিম মালিক রিয়াদ উদ্দিন, দ্বীপ স্পোর্টিং ক্লাবের আব্দুর রাজ্জাক, রিপন অটোর ওনার আহাদ হোসেন ও যশোর রেঞ্জার্সের ববিসহ সাবেক বর্তমান ক্রিকেটাররা ক্রিকেটার ও সংগঠকরা।
