নিজস্ব প্রতিবেদক
যশোরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ক্রিকেট উৎসবে মেতেছিলেন যশোর ছাত্রদলের নেতৃবৃন্দ। নগর ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের ব্যানারে নেতৃবৃন্দ দিনভর চার-ছক্কার উৎসবে মেতেছিল।
ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নগর ছাত্রদল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য সদর উপজেলা ছাত্রদল ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৭৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। নগর ছাত্রদলের আরহাম রহমান ব্যাট হাতে ৯ রান এং বল হাতে ৪ টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। জেলা বিএনপির সাবেক ক্রীড়া সংগঠক সম্পাদক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, এই দেশ ও মাটি আমাদের। এটিকে রক্ষার করার দায়িত্বও আমাদের। তাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে যে কোন মূল্যে দেশ বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিপন্ন হওয়ার পথ থেকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরোধী দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের অনিক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। পলাতক জীবন, হাজতবাস কিংবা আদালতে মামলায় হাজিরা দেবার মধ্য দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দিন পার হয়েছে। অনেকে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়েছে। এখন সময় এসেছে তোমাদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। নিজেদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে জাতি গঠন ভূমিকা রাখতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
