ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
নিজস্ব প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দু’দিনের ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসে ৯০ ওভার শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ আট উইকেটে ২৪২ রান। বুধবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল ঢাকা বিভাগ উত্তর।
টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোর শুরুটা ছিল একেবারে সাদামাটা। প্রথম সারির কয়েক জন ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মিছিলে। তার মধ্যে উদ্বোধনী ব্যাটার জারিফ আবেদীন রিয়ান ২২ বলে দু’টি বাউন্ডারিতে ১৩ রান করেন। এছাড়া দলের চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নেমে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন সাবিক আল সাম্মান। এ রান সংগ্রহের পথে তিনি খেলেন ১৪৫ বল। বাউন্ডারি হাঁকান নয়টি।
সর্বোচ্চ রান আসে সামিউল আলিফের ব্যাট থেকে। তিনি ৮৮ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে করেন ৬০ রান। এছাড়া হৃদয় হোসেন ৯৫ বলে সাতটি বাউন্ডারিতে ৩৭ ও নায়েম ইসলাম ৫৬ বলে তিনটি বাউন্ডারিতে ১৬ রান করেন। অতিরিক্ত হতে আসে ৩৩ রান।
বল হাতে ঢাকা বিভাগ নর্থের বিপক্ষে আশিক ও আল রাফি নেন দু’টি করে উইকেট। একটি করে নেন নায়েম হাসান, জুনায়দুল ইসলাম জারিফ, আব্দুল্লাহ আল সাদি ও সাহাদ আল সাফি।