নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রিকেটের পুরনো ক্লাব রাইজিং স্টার ক্লাব। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে থেকে নেমে যায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে। সেই প্রথম বিভাগে এক মৌসুমও টিকতে পারলো না দলটি। সোমবার রেলিগেশন পর্বের দ্বিতীয় ম্যাচে পাইওনিয়রের সাথে টাই করে দলটি। তাতে রানরেটে এগিয়ে থেকে রাইজিং স্টারকে দ্বিতীয় বিভাগ টায়ার-১ নামিয়ে প্রথম বিভাগে টিকে রইলো পাইওনিয়র।
ম্যাচ টাই হওয়ায় বাইলজের নিয়ম অনুযায়ী নেট রান রেটে যারা এগিয়ে যাবে তারাই টিকে থাকবে প্রথম বিভাগে। আর যারা নেট রান রেটে পিছিয়ে থাকবে তাদের হবে অবনমন। আয়োজকদের প্রেরিত তথ্য অনুযায়ী পাইওনিয়রের নিট রান রেট ৪.৪০। রাইজিংয়ের -২.৫১।
শামস্-উল হুদা স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে রাইজিং স্টার ৪৭ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। রান তাড়ায় ৩৮ ওভার পাঁচ বলে ১৮৬ রানে গুটিয়ে যায় পাইওনিয়র ক্রীড়া চক্রের দলীয় ইনিংস। এর ফলে ম্যাচটি টাই হয়।
ব্যাট হাতে রাইজিংয়ের শোভন ১৩ বলে একটি চারে ১০, সাকিব ৯৪ বলে নয়টি চারে ৬৬, সাজ্জাদ হোসেন শান্ত ৪৮ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩৩, মিয়াদ ৬৭ বলে একটি চারে অপরাজিত ২৫ রান করেন।
বল হাতে পাইওনিয়রের সজিব ২৫ রানে চারটি, শিমুল ১৭ রানে তিনটি, এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মৌমন, ওয়াহিদুজ্জামান চয়ন ও শামীম আহমেদ।
ব্যাট হাতে পাইওনিয়রের ফয়সাল ৪০ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৪৮, ইসমাইল ৩৯ বলে পাঁচটি চারে ৩১, শামীম আহমেদ ৫৮ বলে তিনটি চারে অপরাজিত ২১, সিয়াম ২৩ বলে একটি চারে ১৫, রুম্মন ১৮ বলে দু’টি চারে ১৮ ও মৌমন ৩২ বলে দু’টি চারে ২৩ রান করেন। বল হাতে রাইজিংয়ের রানা ৪২ রানে তিনটি, সাজ্জাদ হোসেন শান্ত ৪৭ ও সাকিন ২৬ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন আবির পাল।
