নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের পঞ্চম ম্যাচে সহজ পেয়েছে আরএন রোড বয়েজ। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১২০ রানে দি-নিউ স্টার ক্লাবকে পরাজিত করে। ৯ উইকেটের সীমান্ত ক্লাবকে হারায়।
ম্যাচটি যে আরএন রোড বয়েজ জিততে যাচ্ছে তা প্রথম ইনিংসের পরই একপ্রকার নিশ্চিত হয়ে যায়। কারণ, আরএন রোড বয়েজের করা ২৬০ রান তাড়া করার মতো খেলোয়াড় ছিল না দি-নিউ স্টার ক্লাবের। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৪১ ওভার ৪ বল খেললেও ১৪০ রানের বেশি করতে পারেনি নিউ স্টার। ১২০ রানের জয় দিয়ে লিগ শুরু করলো অন্যতম ফেভারিট আরএন রোড বয়েজ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরএন রোড বয়েজের অধিনায়ক মুরাদ হোসেন নবাব। ব্যাট করতে নেমে শেষ বলে অল আউট হওয়ার আগে ২৬০ রান করে তারা। ইনিংসে আরএন রোড বয়েজের দুই ব্যাটার নবাব ও জুনায়েদ হোসেনের অর্ধশতক না পাওয়াটা আফসোস হয়ে থাকবে। ভাল খেলতে খেলতে দুজনই আউট হয়েছেন ৪৮ রানে। জুনায়েদের ৫২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়ের মার। নবাব তার ইনিংসটি গড়েছিলেন ৬৯ বলে। তার ইনিংসের ছিল ৫টি চারের মার। এর পাশে আদ্রিব জামান বর্ণ ৩০ বলে ৪টি চারে ৩২, অলিদ আহমেদ ৪৩ বলে ২চার ও ১ছয়ে ২৮ ও আবু সাঈদ ২০ বলে ২১ রান করেন।
নিউ স্টারের আব্দুল্লাহ ৫৫ রানে ৩টি, আরিফ বিল্লাহ ও রায়হান হোসেন ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউ স্টার। তবে একপ্রান্ত আগলে রেখে ৯৭ বল খেলে ৬টি চারে ৩৫ রান করে আব্দুল্লাহ শহীদ। এর পাশে রায়হান হোসেন ১৯ ও আব্দুল্লাহ আল হোসেন ১৭ রান করেন।
আরএন রোড বয়েজের রাহাতুজ্জামান ১০ ওভার বল করে ৩৩ রানে ৪টি, ইব্রাহিম সমান সংখ্যক ওভার হাত ঘুরিয়ে ১৯ রানে দুটি উইকেট দখল করেন। এছাড়া তাহমিদ হাসান কাফি, সপ্তক শাহারিয়ার ও আলিমুল একটি করে উইকেট লাভ করেন।