বিনোদন ডেস্ক: আড়াই বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট। কেউ সেটি ভাড়া নিতে চাইছেন না। এতে সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের মালিক। এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্ট। তার উপরেই এই ফ্ল্যাটের ভাড়াটে খোঁজার দায়িত্ব।
২০১৯ সালে বান্দ্রার সমুদ্রের ধারের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। মাসিক ৪.৫ লাখ টাকা ভাড়া দিতেন তিনি। কিন্তু ২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।
এক বিষয়ে সংবাদমাধ্যমকে রফিক বলেন, ‘মাসিক পাঁচ লাখ টাকা ভাড়া চাওয়া হচ্ছে ফ্ল্যাটটির জন্য। কিন্তু কেউই নিতে রাজি হচ্ছেন না। এমন লোকেশনে ফ্ল্যাট সাধারণত এভাবে ফাঁকা পড়ে থাকে না। কিন্তু যখনই গ্রাহকরা জানতে পারেন এই ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তারা পিছিয়ে যান। আগে লোকজন ফ্ল্যাটটি দেখতেও চাইতেন না। এখন অবশ্য দেখতে আসেন। কিন্তু তারপরই পিছিয়ে যান।’
রফিক আরও বলেন, ‘ফ্ল্যাটের মালিক সিনেমার জগতের কোনো মানুষকে ভাড়া দিতে চাইছেন না। তিনি করপোরেট সেক্টরের ভাড়াটে চাইছেন। কেউ কেউ রাজি হচ্ছেন, তবে পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়দের আপত্তিতে পিছিয়ে যাচ্ছেন। অন্যদিকে ফ্ল্যাটের মালিক ভাড়াও কমাতে রাজি হচ্ছেন না। অনেকে এই ভাড়ার বিনিময়েই অন্য ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। তাই বিতর্কিত ফ্ল্যাট ভাড়া নিতে চাইছেন না কেউ।’