শাহারুল ইসলাম ফারদিন: যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা যুবলীগ আনন্দ র্যালি করেছে। রোববার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’ শ্লোগানে মুখরিত করে তোলে।
আনন্দ মিছিল শেষে মনিহার সিনেমা হলের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও শফিকুল ইসলাম জুয়েল।
এসময় জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, বঙ্গবন্ধু মানে কোনো রূপকথার গল্প নয় বঙ্গবন্ধু মানে একটি দেশকে সৃষ্টি করার ইতিহাস, বঙ্গবন্ধু মানেই শোষক এর অত্যাচার থেকে নিপীড়িত মানুষকে বাঁচানোর এক সাহসী কণ্ঠস্বর।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আর এখানেও উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তিনি বলেন, জাতীয় শিশু দিবস আমাদের বঙ্গবন্ধুর শৈশব মনে করিয়ে দেয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশ গড়তে আপনাদেরও বঙ্গবন্ধুর মতো স্বপ্ন দেখতে হবে সোনার বাংলাদেশ গড়ার। এজন্য আপনাদের বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে, তাঁর আদর্শ ধারণ করে সোনার মানুষ হতে হবে।
শফিকুল ইসলাম জুয়েল বলেন, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান সবসময় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ গঠনের কাজ করে গেছেন। কালজয়ী এই মহান নেতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আজীবন থাকবে।
এ সময় র্যালিতে অংশ নেয় জেলা যুবলীগের সহ সভাপতি তোহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মুস্তাক, যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হাসান মিলন, কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলার যুবলীগের আহবায়ক অশোক বোস প্রমুখ।