নিজস্ব প্রতিবেদক: যশোরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ থেকে বালু উত্তোলন বন্ধ হয়নি। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা এক ঠিকাদার শহরের বাবলাতলা ব্রিজের অদূরে ভৈরব নদ থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করছে বলে দাবি করেছে জনউদ্যোগ যশোর।
বালু উত্তোলন বন্ধে সংগঠনটি বৃহস্পতিবার শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আইইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। পরে নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে স্মারকলিপি দেন।
সংবাদ সম্মেলনে জনউদ্যোগের সদস্য রুকুনউদ্দৌলাহ বলেন, গত মে জুন মাসে ভৈরব নদ থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে এক কিলোমিটারের বেশি দূরে নিয়ে পুলিশ লাইনের মধ্যবর্তী একটি পুকুর ভরাট করা হয়। এখন এক ঠিকাদার ভৈরব নদ থেকে বালু তুলছে। এতে দুই পাড়ের ভূমি ধস ও পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, পরিবেশ বিপর্যয়মূলক এ ধরনের কার্যক্রম চললেও প্রশাসন থেকে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য ‘জনউদ্যোগ যশোর’র পক্ষ থেকে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
জানতে চাইলে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, জনউদ্যোগ যশোর স্মারকলিপি দিয়েছে। ভৈরব নদ থেকে বালু উত্তোলন বন্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনউদ্যোগ আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, মাহাবুবুর রহমান মজনু, আইনজীবী মাসুমা বেগম, আইইডি ব্যবস্থাপক বীথিকা সরকার. জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ।