নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার সর্বশেষ আসরে একটি পদক অর্জন করেন যশোর জেলার সাঁতারুরা। আগামী শুক্রবার থেকে ঢাকার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাওয়া ৩৫তম আসরে দুটি পদকের আশা করছেন কর্মকর্তারা। বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন যশোর জেলার চার সাঁতারু আব্দুর রহমান, জিএম জাকির হোসেন শাহিন, সুরাইয়া আক্তার ইমা ও ফাতেমা খাতুন লিছা।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার পরিষদের সম্পাদক গোলাম মোর্শেদ লিন্টু জানান, আব্দুর রহমান ৫০ মিটার ফ্রি স্টাইল, ১০০ মিটার বাটার ফ্লাই, জি এম জাকির হাসান শাহিন ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে অংশ নেবেন। দুই নারী সাঁতারুর মধ্যে সুরাইয়া আক্তার ইমা ৫০ মিটার ফ্রি স্টাইল, ১০০ ও ২০০ মিটার ব্রেক স্টোক এছাড়া ফাতেমা খাতুন লিছা ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইল, ১০০ ও ২০০ মিটার বাটার ফ্লাই এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলে অংশগ্রহণ করবেন। দলের কোচ ও ম্যানেজার নির্বাচিত করা হয়েছে জেলা দলের সাবেক সাঁতারু নাছির উদ্দিনকে। সাঁতারুদের সাফল্যের জন্য যশোরবাসীর দোয়া কামনা করা হয়েছে।
প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ ৯০টি দলের প্রায় ৩শত খেলোয়াড় অংশ নেবে বলে জানা গেছে।