নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামের ২৪১তম টার্মের ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাউবি আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসিএসএ প্রোগ্রামের সমন্বয়ক মো. আরিফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শেখ সোহেল আহমেদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব সময়ই শিক্ষার আলো সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, জ্ঞানই শক্তি, আর ডিসিএসএ প্রোগ্রাম সেই শক্তি অর্জনে সহায়তা করবে।
শেখ সোহেল আহমেদ আরও বলেন, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, শেখার কোনো শেষ নেই। এই যাত্রা হয়তো সব সময় মসৃণ হবে না, তবে ধৈর্য, একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। আপনাদের পাশে সব সময় থাকবে বাউবি পরিবার। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আশা করি, আপনারা এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করবেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট সাপোর্টস সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মো: হুমায়ুন কবির খান, বাউবি আঞ্চলিক কেন্দ্র যশোরের উপ-আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
