সেলিম আহম্মেদ, বাগআঁচড়া
যশোর শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্মাণধীন দেয়াল ভেঙে নিচে চাপা পড়ে ১৯ বছরের শ্রমিক জাহিদ হোসেনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
নিহত জাহিদের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের একটি বাড়ি নির্মাণের সেনটারিং এর কাজ করছিলো জাহিদ। এসময় হঠাৎ দেয়াল ভেঙে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।
বাড়ির মালিকের স্বজন আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবো।
কলারোয়ার ইউপি সদস্য মুজিবর রহমান মজু ঘটনা নিশ্চিত করে জানান, নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। মালিক পক্ষ শুনে তারা আসছিলো এবং পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, সেখানে পুলিশ পাঠানো হয়। কেউ কোনো অভিযোগ করেনি। ফলে এ ব্যাপারে মামলাও হয়নি বলে তিনি জানান।
