নিজস্ব প্রতিবেদক: মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রি এবং ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগআঁচড়া বাজারের সাত্তার স্টোরে মূল্য তালিকা না থাকায় এক হাজার টাকা, কালাম স্টোরে এক হাজার, আলী স্টোরে মেয়াদোত্তীর্ণ সেমাই বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে দুই হাজার টাকা, লিওন ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাবলু ট্রেডার্সের মুড়ির মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক কুতুব উদ্দিন, কনজুমার্স এসোসিয়েশনের সদস্য আব্দুর রকিব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।