বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে একটি দুগ্ধ খামারের ১৬টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি গরু মারা গেছে। এছাড়া বেশ কিছু গাভী আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের মালিকানাধীন শেখ ডেইরি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি খামার মালিক রুবেল।
ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল আলম রুবেল (৩৭) চাপাতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। রুবেল দীর্ঘদিন কোরিয়া ছিলেন। কোরিয়া থেকে দেশে ফিরে গরুর ফার্ম করেন। তার ফার্মে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হত। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন।
এদিকে গরুর ফার্মে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
প্রাণিসম্পদ বিভাগ বাগেরহাটের মাঠকর্মী তারিক হোসেন বলেন, খবর শুনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ গরুগুলোকে সেবা প্রদান করি। বেশিরভাগ গরুগুলোর শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থান আক্রান্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল আলম রুবেল বলেন, গরুগুলো ফার্মে ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। পরে গোয়ালে এসে গরুর দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করি। ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়। পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে আমাদের গোয়ালে আগুন দেওয়া হয়েছে। তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন প্রবাস ফেরত এই উদ্যোক্তা।
তিনি আরও বলেন, আমার প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেল। ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করব বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই তরুণ উদ্যোক্তা।
নাজমুল আলম রুবেলের বাবা রুহুল আমিন বলেন, ছেলে বিদেশ থেকে ফিরে আসলে ব্যাংক ঋণ নিয়ে তাকে খামার করে দিয়েছিলাম। গরুগুলো আক্রান্ত হয়ে আমরাতো শেষ হয়ে গেলাম। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন এই বৃদ্ধ বাবা।
খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান বলেন, বিভিন্ন বয়সের ১৬টি গরু দগ্ধ হয়েছে। একটি গরু মারা গেছে। কয়েকটি গরুর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভ্যাটেনারি সার্জনসহ আমরা সবাই মিলে দগ্ধ গরুর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি। গরুগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
