কল্যাণ ডেস্ক
বাগেরহাটের শরণখোলা উপজেলা থানা পুলিশের হেফাজতে থাকা মাদক মামালার আসামি পালিয়ে যাবার পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. বাইজীদ শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে খুলনা শহরের হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় মোঃ বাইজীদ (২০)।
এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বায়জিদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকেলে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, আসামি পালানোর ঘটনায় কোনো প্রকার দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
