নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। রোববার উপজেলার শালবরাট গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই দিন রাতে টিপু সুলতান নামে এক ব্যক্তি বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার শালবরাট গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেনের স্ত্রী মৌলুদা বেগম ও ছেলে জিহাদ হোসেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী ওলি বেগম, রামকান্তপুর গ্রামের মৃত তোজাম মোল্যার ছেলে শাহজাহান আলী।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন আসামিদের সাথে পৈত্রিক বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ১০ টার দিকে তাদের পৈত্রিক জমি বণ্টনের জন্য সার্ভেয়ারের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক চলছিল। মাপজোকের শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাদীর ভাই মিজানুর রহমান ঘরের পাশে সীমানা পিলার বসাতে যায়।
এসময় আসামি ইলিয়াস, রাজ্জাক, আসাদ ও তাদের ছেলেসহ ১৫-২০ জন ধারালো দা, বাঁশের লাঠি ও লোহার রড়সহ তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিবেশি ইসমাইল হোসেনসহ ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। স্থানীয়দের সহযোগীতায় গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আসামী ইলিয়াসসহ তারা ৫ ভাই মিলে আপন মামাতো ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালত তাদের ৫ ভাইকেই যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাশ পায়। এছাড়াও স্থানীয় অসহায় মানুষদের জায়গা দখল, হুমকি ধামকিসহ মারপিটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জন আসামিকে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।