নিজস্ব প্রতিবেদক
ইউসুফ আলী নামে এক ব্যক্তি এক জমি দু’জনের কাছে বিক্রি করে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দুইজনের কাছ থেকে টাকা নিলেও একজনকে রেজিস্ট্রি করে দিয়েছেন। অপরজনকে নিজের মেয়েদের মাধ্যমে মিথ্যা নারী নির্যাতন মামলা দেয়ার হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। এতে ভুক্তভোগী মিলন হোসেন অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করেছেন। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়ে প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাটি যশোরের বাঘারপাড়া উপজেলার কঠুরাকান্দি গ্রামে। অভিযুক্ত ইউসুফ আলী ওই গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারে কাছে দেয়া অভিযোগে জানা গেছে, ইউসুফ আলী জমি বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। তখন মিলন হোসেন বসতবাড়ি নির্মাণের জন্য জমি ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন। এক পর্যায় মিলন হোসেন বায়না বাবদ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ৫ কিস্তি মিলে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা ২০১৭ সালের ২১ জুলাই প্রদান করেন। ওই বছরের ২৬ সেপ্টেম্বর সব টাকা ইউসুফ আলীকে পরিশোধ করলে ইউসুফ আলী তার বিক্রিত সম্পত্তির দখল মিলন হোসেনকে বুঝিয়ে দেয়। মিলন হোসেন জমি বুঝে পেয়ে সেখানে বাড়ি নির্মাণ করেন। মিলন হোসেন অভিযোগ করেন ইউসুফ আলীর সাথে চুক্তি হয় সব টাকা পরিশোধ হলে জমি রেজিস্ট্রি করে দেবেন। জমির টাকা পরিশোধের পর মিলন হোসেন জমি রেজিস্ট্র্রি করে দিতে তাগাদা দিলে ইউসুফ আলী কালক্ষেপণ করতে থাকে। সর্বশেষ মিলন হোসেন লোকমুখে জানতে পারেন যে, তার নিকট বিক্রয় করে দেওয়া সম্পত্তি ইউসুফ আলী একই গ্রামের অন্য ব্যক্তিকে রেজিষ্ট্রি করে দিয়েছেন। ওই সংবাদ জেনে মিলন হোসেন গত ২০১৯ সালের ২০ মার্চ জমির দলিলের নকল (সার্টিফায়েড কপি) স্থানীয় বাঘারপাড়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে তুলে। দলিলের নকল তুলে দেখতে পান যে প্রতারক ইউসুফ আলী একই গ্রামের আব্দুল গফুর মন্ডলের স্ত্রী ও ইসহাক মোল্যার মেয়ে জনৈক পারুল বেগমের নিকট ৯ শতক জমি রেজিষ্ট্রি সম্পাদন করে দিয়েছেন। দলিলে নকল তুলে বিষয়টি নিশ্চিত হয়ে মিলন হোসেন ইউসুফ আলীকে জিজ্ঞাসা করলে নানা হুমকি দিচ্ছে। প্রতারক ইউসুফ আলী এক জমি দু’জনের কাছে বিক্রি করে ক্ষ্যান্ত হয়নি। মিলন হোসেনকে ফাঁসানোর জন্য নিজের মেয়েদের মাধ্যমে মিথ্যা নারী নির্যাতনের মামলা করার হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। মিলন হোসেন এই অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
