বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ১০ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অপরাধে সামাদ মোল্যা নামের একজনকে গ্রেপ্তার করেছে বাঘারপাড়া থানা পুলিশ। মামলার এক মাস ২২ দিন পর গত শনিবার বিকালে বাঘারপাড়া থানার এসআই তোবারেক আলী সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের মণিহার সিনেমা হলের সামনে থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে আসামিকে যশোর আদালতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে সামাদ মোল্যার (৫০) বিরুদ্ধে প্রতিবেশী আসাদ আলীর মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
ভিকটিমের দাদি রুপিয়া বেগম বলেন, ভিকটিম আসামি সামাদ মোল্যাকে দাদা বলে ডাকতো। আসামি সামাদ ঘটনার দিন ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে প্রতিবেশী হালিম মোল্যার বাঁশ বাগানে নিয়ে যায়। ওই সময় বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতে দিলে ভিকটিম চিৎকার করে। টের পেয়ে আমি ওখানে যেয়ে আসামিকে ভিকটিমের সাথে দেখি। এ সময় আমার চিৎকারে পরিবারের লোকজন সহ এলাকাবাসী তাকে (সামাদ) আটক করতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে থানায় অভিযোগ করি।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, প্রায় দুই মাস ধরে আসামি সামাদ মোল্যা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তাকে যশোরের মণিহার সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। রোববার সকালে সুষ্ঠু বিচারের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।