নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড পূর্ব বারান্দীপাড়া বটতলা থেকে লিচুতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার উপর ড্রেনের নোংরা ময়লায় ছয়লাব। পচা ময়লার দুর্গন্ধে রাস্তা দিয়ে হাটার উপায় নেই।
স্থানীয়রা বলছেন, পৌরসভা থেকে ড্রেন পরিস্কার করে এভাবেই সপ্তাহের পর সপ্তাহ ময়লা ফেলে রাখে যার কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। এছাড়াও রাস্তার এই ময়লা কুকুর মুখে নিয়ে ঢুকে পড়ে বসতবাড়িতে। স্কুলগামী শিক্ষার্থীরা অনেক সময় এই ময়লায় পা স্লিপ করে পড়ে যায়। স্থানীয়দের দাবি ড্রেন পরিস্কারের পর যদি ময়লা রাস্তা থেকে নিয়ে যাওয়া হয় তাহলে এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন।
এ বিষয়ে এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপন বলেন, ড্রেন পরিস্কারের পর ভিজে ময়লা না শুকিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া যায় না। তাই দুই থেকে তিন দিন ময়লা রাস্তার উপর জমে থাকে। স্থানীয়দের দাবি অনুযায়ী সপ্তাহের পর সপ্তাহ ময়লা পড়ে থাকার ব্যাপারটি তিনি অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী ড্রেন ও রাস্তা সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়।