নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় কামাল হোসেন পলাশ নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আড়াইটার দিকে যশোর শহরের ১ নম্বর আইনজীবী ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিনে সোহানুর রহমান সোহান নামে আরেকজনকে যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলায় নাশকতা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে। এদিনই তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক কামাল হোসেন পলাশ যশোর শহরের পুরাতন কসবা এলাকার জবেদ আলী খানের ছেলে এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বড় ভাই। অপর আটক সোহানুর রহমান চাঁচড়া মধ্যপাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পরবর্তীতে ওই ঘটনায় বিএনপি নেতা ও অ্যাডভোকেট এমএ গফুর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। সেই মামলায় গতকাল রোববার দুপুরে যশোর শহরের ১ নম্বর আইনজীবী সমিতি ভবন এলাকায় অভিযান চালিয়ে অ্যাডভোকেট কামাল হোসেন পলাশকে গ্রেফতার করা হয়।
অপরদিকে গত বছরের ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের নেতৃত্বে আওয়ামী লীগ দলীয় সদস্যদের নিয়ে যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলায় একত্রিত হয়। এরপর সেখানকার সালেহা মেটারের সামনে সড়কে চলাচলরত যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটায়। এসময় স্থানীয় লোকজনের ধাওয়ায় তারা পালিয়ে চলে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলা গোপন সংবাদের ভিত্তিতে সোহানুর রহমান সোহানকে বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদিনই দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
