নিজস্ব প্রতিবেদক: আসছে বিজয়ের মাসে ঐতিহাসিক চারটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
আসন্ন ৬ ডিসেম্বর যশোর শত্রুমুক্ত দিবস, ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম জনসভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নানামুখী পরামর্শ উপস্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।