নিজস্ব প্রতিবেদক :
বিদেশিদের আকৃষ্ট করতে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার পার্কে চালু করা হয়েছে হোটেল এন্ড রিসোর্ট। এ উপলক্ষে শনিবার বিকেলে যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টের ১১তলায় কনফারেন্স রুমে মিট দ্যা প্রেসের আয়োজন করে খান প্রোপাটিজ গ্রুপ। যারা টেকসিটির কাছ থেকে ১০ বছরের জন্য সাব লিজ নিয়েছেন। খান প্রোপাটিজ গ্রুপের চেয়্যারম্যান মাসুদুর রহমানসহ রিসোর্টের কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মেজর শিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খান প্রোপাটিজ গ্রুপের চেয়্যারম্যান মাসুদুর রহমান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় যশোরের সাথে দেশের যোগাযোগ ব্যবস্থা অভূত উন্নতি হয়েছে। দেশের প্রথম ডিজিটাল জেলায় এখন অতীতের চেয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। শেখ হাসিনা সফটওয়্যার পার্কে আগে যেসব বিদেশি বিনিয়োগকারী আসতেন তারা শুধুমাত্র ডরমেটরিতে রাত্রিযাপনের সুবিধা পেতেন। এখন তিন তারকা মানের হোটেল ও ক্যাফেটেরিয়া করা হয়েছে। পার্কের অভ্যন্তরের লেকটিকেও রিসোর্টের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। মিটিং, আবাসন, ঘোরাঘুরি, নিরাপত্তা, বিনোদন সব সুবিধা পাবেন। তথ্যপ্রযুক্তি খাতের মানুষের পদচারণায় মুখরিত থাকবে। বিদেশিদের নজরে আনতে ‘যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট’ করা হয়েছে।
মিট দ্যা প্রেসে বলা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে রিসোর্টের পরামর্শক হিসেবে খান প্রোপার্টিজ গ্রুপকে ১০ বছরের জন্য দায়িত্ব দিয়েছে টেকসিটি বাংলাদেশ লিমিটেড। রিসোর্টটিতে আন্তর্জাতিক মানের হোটেলের সেবা রয়েছে দাবি করে খান প্রোপার্টিজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাসুদুর রহমান খান বলেন, তারা রিসোর্টের বিপণন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে পরামর্শকের কাজ করবেন। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ডরমিটরি নির্মাণ করা হয়েছিল বিনিয়োগকারী, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী ও সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের আবাসন সুবিধার জন্য। সেটাকে রিসোর্টে পরিণত করার বিষয়ে তিনি বলেন, এত দিন তারা প্রাথমিক পর্যায়ে এমটিবি ভবনে বিনিয়োগকারীদের জায়গা বরাদ্দ দেওয়া নিয়ে ব্যস্ত ছিলেন।
এখন হোটেল ব্যবস্থাপনায় নজর দিয়েছেন। লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট করলে সফটওয়্যার পার্কের পরিবেশ ও উদ্দেশ্য ব্যাহত হবে না বলে মনে করেন তারা। ডরমেটরি নাম শুনলে কেউ আসতে চাইবে না। এ ছাড়া এটা ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছিল না। বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য ডরমিটরিকে আধুনিক করা হচ্ছে। তিনি আরোও বলেন, রিসোর্টে ২৪ ঘণ্টা গ্রাহক সেবা (কাস্টমার সার্ভিস), রেস্তোরাঁ, স্বাস্থ্যকেন্দ্র, উপহারের দোকান, কফি পানের দোকান, ছবি গ্যালারি, ব্যবসায়িক সম্মেলনকেন্দ্র, নামাজের জায়গা, খেলার জায়গা, শিশুদের খেলার ব্যবস্থা, সম্মেলন কক্ষ এবং পুরুষদের জন্য সেলুন ও ব্যায়ামাগারের মতো সেবা চালু করেছে।
পরে রিসোর্টের রেস্তোরাঁ, স্বাস্থ্যকেন্দ্র, উপহারের দোকান, কফি পানের দোকান, ছবি গ্যালারি, ব্যবসায়িক সম্মেলনকেন্দ্র, নামাজের জায়গা, খেলার জায়গা, শিশুদের খেলার ব্যবস্থা, সম্মেলন কক্ষ এবং পুরুষদের জন্য সেলুন ও ব্যায়ামাগার ঘুরে ঘুরে দেখান।
