ঢাকা অফিস
বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ সচিবালয়-এর ১ নম্বর ভবনের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এ নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখন থেকে তার দপ্তরে অর্ধেক লাইট ও এসি বন্ধ রাখা হবে। এর পরিবর্তে দিনের বেলা কক্ষের জানালার পর্দা খুলে রাখা হবে, যাতে বাইরের প্রাকৃতিক সূর্যালোক সর্বোচ্চভাবে ব্যবহার করা যায় এবং বিদ্যুতের অপচয় কমে।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার সকালের মন্ত্রিসভার বৈঠকেও। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধও জানান তিনি।
এদিকে আজকের কেবিনেট বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ পরামর্শ দেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে আরও কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
