নিজস্ব প্রতিবেদক: গতকাল রাতে যশোর শহরের কেশবলাল রোডে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন বিবর্তন যশোরের কর্মীদের উপর মাদকসেবীরা হামলা চালিয়েছে।
বিবর্তনের কর্মীরা বলেন, সংগঠন কার্যালয়ের পেছনের অংশ বিগত কয়েক বছর আগে অদিতি ক্রীড়া চক্রের কাছে ভাড়া দিয়েছিলো সংগঠনটি। কিন্তু দীর্ঘদিন আগেই সেই ক্রীড়া চক্র বন্ধ হয়ে গেছে। বর্তমানে সেখানে এখন মাদকের আখড়া বসে।
সংগঠনে সভাপতি নওরোজ আলম খান চপল জানান, তারা সুবর্ণজয়ন্তীর নাটকের রিহার্সেল করছিলেন। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচন্ড গালিগালাজের শব্দ শুনতে পান। কি কারণে এভাবে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে জানতে চাইলে মাদকসেবীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি হয়।
এবিষয়ে বিবর্তনের সাবেক সভাপতি ও বর্তমান যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, দীর্ঘদিন ধরে এখানে যশোরের পরিচিত কিছু মানুষ মাদক সেবন করে আসছে। বারবার মানা করা সত্ত্বেও তারা শোনেনি। বরং হুমকি দেয়। আজও কোন কারণ ছাড়া হঠাৎ তারা অকথ্য ভাষায় গালিগালাজ দেয় প্রতিবাদ করতে গেলে রুখে আসে। পরে সংগঠনের অন্য সদস্যসহ স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মাদকসেবীদের প্রতিহত করেন।
এক পর্যায়ে যশোর কোতোয়ালি থানা থেকে একটি মোবাইল টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যে কক্ষে তারা মাদক সেবন করে সেই কক্ষ তালাবদ্ধ করা দেয়।
