নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। শনিবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে অর্ধশতাধিক অটিস্টিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে। ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশিত করি’-প্রতিপাদ্য নিয়ে এবারের দিবসটি পালন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন প্রমুখ।
এদিকে, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করেছে ব্রাদার টিটোস হোম। দিবসটি উপলক্ষে শনিবার সকালে স্কুলটির শিশুরা বিভিন্ন ধরনের শারীরিক কসরত প্রদর্শন করে। এসবের মধ্যে ছিলো বিভিন্ন ধরনের যোগ আসন। বজ্রাসন, পদ্মাসন, বৃক্ষাসন, উৎকটাসন, ভূজাঙ্গাসন, ধনুরাসন, পদহস্তাসন, চন্দ্রাসনসহ যোগ ব্যায়ামের প্রায় ২০টি আসন প্রদর্শন করে শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শাহ্জাহান কবীর। শিশুদের উৎসাহ দিতে এ সময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজউক কর্মকর্তা কামরুল ইসলাম।