নিজস্ব প্রতিবেদক: বুড়ি ভৈরব নদের ছাতিয়ানতলা অংশে বেইলি ব্রিজ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে যশোর সদরের নরসিংহকাঠি (ঘোপ) ও বাঘারপাড়ার দরাজহাট গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচিতে পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক ইমাম আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম, সোহেল হোসেন, কামাল হোসেন, আমির হোসেন, শামসুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ছাতিয়ানতলায় বুড়ি ভৈরব নদের উপর একটি ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। পুরাতন ব্রিজটি ভেঙে ফেলার কারণে সাধারণ মানুষের পারাপারের জন্য বাইপাস একটি নড়বড়ে কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। নড়বড়ে বাঁশ কাঠের তৈরি ব্রিজটি মানুষের পারাপারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ভৈরব নদের ওপারে অবস্থিত ছাতিয়ানতলা হাট একটি প্রাচীনতম হাট। যশোর সদর ও বাঘারপাড়ার সংলগ্ন এই এলাকার কয়েক গ্রামের মানুষের রুটিরুজির ব্যবস্থা হয় ছাতিয়ানতলা হাট থেকে। পাশের কয়েক গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের স্কুল কলেজ, মাদ্রাসায় আসা যাওয়া করতে হয় ওই বাঁশ কাঠের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে। রূপদিয়া-ছাতিয়ানতলা সড়কের এই ব্রিজটি কাঠ বাঁশের পরিবর্তে একটি বেইলি ব্রিজের দাবি করেন এলাকাবাসী।