বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইব্রাহিম নামে এক যাত্রীর পেট থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার সকালে ভারতে ঢোকার সময় তাকে আটক করা হয়। ইব্রাহিম ব্যাপারী মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।
তিনি আরো বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:ভাঙ্গা-যশোর-বেনাপোল ছয় লেন মহাসড়ক নির্মাণে তোড়জোড়
