নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করছেন হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (দক্ষিণ বিভাগ) হাবিবুর রহমান খান। রোববার (৬ অক্টোবর) দুপুরে তিনি বেনাপোল বন্দরে আসেন। এ সময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের যানজটে যা যা করণীয় তাই করা হবে। যানজটমুক্ত বেনাপোল বন্দর গড়ে তোলা হবে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ হাতে নেওয়া হবে বলে তিনি জানান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান, যশোরের সহকারী পুলিশ সুপার নাসিম খান, নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মামুন হোসেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ।
