নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ‘বৈষম্যবিরোধী বিল-২০২২’ অবিলম্বে পাশ করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) যশোর শাখা রোববার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। শশ্বাতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার আহ্বানে মানববন্ধনে সভাপতিত্ব করেন জয়ন্তী রানী দাস।
বক্তব্য রাখেন, বিডিইআরএম’র কেন্দ্রীয় কমিটি সভাপতি বিভূতোষ রায়। তিনি বলেন, বৈষম্য খালি চোখে দেখা যায় না; অনুভব করতে হয়। দলিত মানুষ যুগ যুগ ধরে নিষ্পেষিত। তাদের হোটেল রেস্টুরেন্টে প্রবেশাধিকার নেই। রংপুরে হোটেল ঢোকার জন্য সাম্প্রতিক সময়ে মারপিট করা হয়েছে। জয়পুরহাটে হোটেলে খাওয়ার জন্য থালা-গ্লাস কিনে দিতে হয়েছে। মহান সংবিধানে বাংলাদেশের সকল নাগরিককে সমঅধিকার সমমর্যাদা নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তবে আমরা অনেক দূরে।
তিনি আরো বলেন, গত ৫ এপ্রিল বৈষম্য বিলোপ বিল-২০২২ মহান সংসদে আইনমন্ত্রী পেশ করেছেন। কিন্তু দেখা গেলো এই আইনে আমাদের কোন স্বার্থ- সুরক্ষা হবে না, আমরা দাবি করছি পুনঃবিবেচনা করে আমাদের স্বার্থের দিকে তাকিয়ে বিল পাশ করা হোক।
বিভূতোষ রায় আরো বলেন, যশোরের শহর ও পল্লীতে আজও চায়ের কাপ আলাদা। আলাদা হোটেলের প্লেট। এজন্য তিনি যশোরের সুধীসমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
বক্তব্য রাখেন শাশ্বতীর নির্বাহী পরিচালক আয়নামতি বিশ্বাস, সন্তোষ কুমার সরকার, রিপন সরকার, বাবুল দাস, সোনালী বর্মন, মাধবী কর্মকার প্রমুখ।