নিজস্ব প্রতিবেদক: যশোরে বোমা নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রাব্বিকে (৩৩) গণধোলাইয়ের পর পুলিশি সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গণধোলাইয়ের পর এলাকাবাসী পুলিশে সোপর্দ করে।
আটক রাব্বি যশোর শহরের শংকরপুর আকবরের মোড় বিশ্বাস পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে। আহত অবস্থায় রাব্বিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় শুক্রবার রাতে মামলা হয়।
ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শংকরপুুর পিয়ারী মোহন রোডে রাব্বি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে।
পরে ডিবি পুলিশকে খবর দিলে তার নেতৃত্বে একটি টিম ওই এলাকায় যেয়ে রাব্বিকে আটক করে। একই সাথে দুইটি সক্রিয় বোমা উদ্ধার করা হয়। এঘটনায় তিনি নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।