নিজস্ব প্রতিবেদক
যশোরে ব্যবসায়ীকে অপহরণের পর চাঁদা আদায়ের অভিযোগে টিপু সুলতান নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় গতকাল মঙ্গলবার অপহৃত ব্যবসায়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের মধুসদন বিশ্বাস চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
টিপু সুলতান বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের চাঁনমিয়ার ছেলে। এই মামলার পলাতক আসামিরা হলো, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের লিটন, রাসেল ও জুয়েল।
মামলা সূত্র মতে, মধুসূদন বিশ্বাসের রাজবাড়ীতে একমি কোম্পানির ডিলারশিপের একটি ডিপো ছিলো। টিপু একমি কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে তার সাথে পরিচয় হয়। এসময় টিপু জানায় যশোরে তার কিছু একমির পণ্য রয়েছে। যা তিনি মধুসূদনের মাধ্যমে বিক্রি করতে চান।
দুইপক্ষই রাজি হওয়ায় টিপু এক লাখ টাকার পণ্য রাজবাড়িতে পাঠিয়ে দেন। আর ওই পণ্যের মূল্য বাবদ এক লাখ টাকার একটি চেক দেন মধুসূদন। পরবর্তীতে টিপু ওই চেকের বিপরীতে মধুসূদনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। ওই মামলায় গত সোমবার হাজিরা দিতে আসেন মধুসদন। দুপুর ২ টার দিকে আসামি রেলস্টেশন এলাকায় মধুসুদনকে পেয়ে অপহরণ করে চুড়ামনকাটি এলাকায় খালপাড়ে আটকে রাখে। এরপর তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয় এবং মধুসদনের কাছে থাকা ৮৪ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা বাড়ি থেকে আনায়। এক পর্যায় বিষয়টি জানাজানি হলে মধুসুদনের স্বজনেরা যশোরে এসে পুলিশের সহযোগিতা নেন। পুলিশ আসামিদের সাথে মোবাইলে যোগাযোগ করলেই মধুসূদনকে ছেড়ে দিয়ে সটকে পরে টিপুসহ তার সহকারীরা। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টিপুকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, এঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
