নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা পৌরসভার বড় মসজিদ রোডে দখল হয়ে গেলো জুয়েলারি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সিংহের ক্রয়সূত্রে জমি এবং ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ সাংবাদিক ইলিয়াস উদ্দীনের পৈত্রিক সূত্রে পাওয়া জমি। উভয়ের দাবি ম্যাপ অনুযায়ী তাদের জমি রয়েছে। সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা করেছেন ইলিয়াস উদ্দীন।
বৃহস্পতিবার রাতে এস্কেভেটর দিয়ে আব্দুর রশিদের ভাড়াটিয়া আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম বাবু এবং আব্দুর রশিদের দুই ছেলে হাসান ও ইমন দখল কাজ শেষ করেন।
অভিযোগে জানা গেছে এসএ (৯১৯ দাগে) রেকর্ড অনুযায়ী আব্দুর রশিদ এবং মৃত্যুঞ্জয় সিংহ একই দাগ/খতিয়ানে জমির মালিক। বর্তমানে হাল রেকর্ড অনুযায়ী হাল ২২৪৮ দাগের ম্যাপে আব্দুর রশিদ ৩ শতক জমির মালিক এবং মৃত্যুঞ্জয় সিংহ ২২৩৮ দাগের ৫ শতকের মালিক। উভয়ের জমি পাশাপাশি।
এ দাগের কিছু জমি সরকার রাস্তার জন্য অধিগ্রহণ করে নিয়েছে। অধিগ্রহণ করে নেয়ার পর ভবনের অবশিষ্ট অবকাঠামো ছিল।
সেই অবশিষ্ট ভবনের বারান্দার অংশ তাকে প্রেসার দিয়ে রশিদের দখলে নিয়ে দিয়েছে বলে অভিযোগ। মৃত্যুঞ্জয় সিংহের দাবি ছিল হাল ম্যাপ অনুযায়ী জমি মেপে যার যার অংশ বের করে নেয়া। এ ব্যাপারে ইলিয়াস, মৃত্যুঞ্জয় সিংহ ও রশিদ এই তিন পক্ষ থানায় মিমাংসার জন্য বসেন।
সেখানে পুলিশের উপস্থিতিতে ম্যাপ অনুযায়ী মাপের সিদ্ধান্তের কথা বলা হলেও তারা তা মানেননি। আব্দুর রশিদের ছেলে হাসান ও ইমন এবং ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবু জোরপূর্বক লোকজন দিয়ে পুলিশকে অনুপস্থিত রেখে জমি মেপে দখলের ষড়যন্ত্র করেন। এ ব্যাপারে মৃত্যুঞ্জয় সিংহ কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি ঝামেলায় না গিয়ে মিটিয়ে ফেলেছি।
অন্যদিকে পৈত্রিক সূত্রে কৃষ্ণনগর মৌজার এস এ ৫৬৯/১ খতিয়ানের ৯২৯ দাগ এবং হাল ৫৬০ খতিয়ানের ২২৪৯ দাগের ৩ শতক জমির মালিক ইলিয়াস উদ্দীন। পাশের জমির মালিক রশিদের একই মৌজার ২২৪৮ দাগে ম্যাপ অনুযায়ী ৩ শতকের মালিক।
কিন্তু আব্দুর রশিদের ছেলে হাসান ও ইমন এবং ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবু তা অমান্য করে জোরপূর্বক ইলিয়াসের জমির সীমানার মধ্যে ঢুকে জমির মাটি কেটেছে। আওয়ামী লীগের দখলদারিত্বের আশংকায় বিজ্ঞ ঝিকরগাছা সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা (৩৪৫/২২) করেন ইলিয়াস উদ্দীন। গত ১৫ নভেম্বর আদালতের সমন জারি হয়েছে। এখানে আদালতকেও অসম্মান করা হয়েছে বলে তার দাবি।
এ অবৈধ দখল কাজে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জায়গা জমি অবৈধভাবে দখল করে দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে আব্দুর রশিদের ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবুর বিরুদ্ধে সরকারি রাস্তা দখলের অভিযোগ রয়েছে। কাটাখাল কলোনী পাড়ার একটি রাস্তা দিয়ে হাজার মানুষ চলাচল করতেন। সেই চলাচলের রাস্তা ঘিরে বাবু তার বাড়ির সীমানা দিয়ে দখল করে নিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।