নিজস্ব প্রতিবেদক: যশোরে আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের স্থানীয় নেতাদের কোন ব্যানার ফেস্টুন ব্যবহার করা যাবেনা। এমনটি কারো নাম ধরে শ্লোগানও দেয়া যাবেনা।
সোমবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় এই নির্দেশ দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
তিনি বলেন, যশোরের সমাবেশ সফল করতে হলে যুবলীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাবেশস্থল যশোর স্টেডিয়ামে জনসমুদ্রে পরিণত করতে হবে।
এ সময় অনুষ্ঠানে খুলনা বিভাগের সাত জেলা (যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, বাগেরহাট ও খুলনা) থেকে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে সমাবেশের দিন হলুদ রঙের ক্যাপ পরিধান করে যশোর স্টেডিয়ামে বেলা ১০ টার মধ্যে যোগ দেওয়ার নির্দেশনা দেন। একই সাথে জেলা নেতাদের ব্যানার ফেস্টুন ব্যবহার না করতে বলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।