চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভৈরব নদ তীরের মাটি চোরদের বিরুদ্ধে এবার চৌগাছা থানায় নিয়মিত মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বুধবার চৌগাছা থানায় এই মামলা করেন। মামলায় ঝিনাইকুন্ড গ্রামের মনিকুল ইসলামসহ (৪০) সাতজনকে আসামি করা হয়েছে।
ঝিনাইকুন্ডু মৌজার ভৈরব নদের উত্তর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সময় আসামিরা একটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোটরসাইকেল ও ট্রাক্টর জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আমি সম্প্রতি যোগদান করার পর থেকেই ভৈরব নদ, বেড়গোবিন্দপুর বাঁওড়সহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি চুরি ও বালু উত্তোলনের অভিযোগ আসছে। এরআগে এমন কয়েকজনকে নিষেধ করা হলেও থামেনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোটরসাইকেল ও ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়মিত মামলা করতে নির্দেশ দেয়া হয়।