নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের জন্য সহজ ও দ্রুত ভোটার তথ্য পাওয়ার লক্ষ্যে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করেছে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইট ও অ্যাপের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ নামের মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এজন্য অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে ভোটারের জন্ম তারিখ এবং ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নম্বর উল্লেখ করে সার্চ দিলেই মিলবে ভোটার স্লিপ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন,
“প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত সঠিক তথ্য নিশ্চিত করতে এ উদ্যোগ একটি মাইলফলক। এর মাধ্যমে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
