নিজস্ব প্রতিবেদক
চলন্ত ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে গেলে শিশু মেয়ে তাহসিনা তানিশাকে নিয়ে পিচঢালা রাস্তার ওপর পড়ে যান লিপি বেগম। লিপি গুরুতর আহত হলে বাঁচানো যায়নি সাড়ে তিন মাস বয়সী তাহসিনা তানিশাকে।
বুধবার সকালে যশোর সদরের নারাঙ্গালী বাজারে এই দুর্ঘটনা ঘটে। তাহসিনা তানিশা সদরের ডুমদিয়া গ্রামের ওসমান গনির মেয়ে।
শিশু তানিশার নানা আব্দুল আজিজ জানান, সকাল ৯টার দিকে লিপি বেগম তার সাড়ে তিন মাসের অসুস্থ শিশুকে সদরের দত্তপাড়া থেকে নারাঙ্গালী বাজারে স্থানীয় ডাক্তারখানায় নেওয়ার পথে অসাবধানবশত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কোলের শিশুসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
আহত অবস্থায় মা লিপি বেগম হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, সকালে শিশু বাচ্চাসহ মাকে উদ্ধার করে নিয়ে আসে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্য হয়েছে। শিশুটির মাথায় ও চোখে গুরুতর জখম ছিলো ধারানা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণেয় তার মৃত্য হয়েছে।
