নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
কয়েকদিন ধরে যশোরের মণিরামপুরে গরমের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় এ অঞ্চলে তাপমাত্রা থাকছে ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়ছে। গরমের তীব্রতায় গাছের ছায়াও মিলছে না স্বস্তি। এরই সাথে নতুন করে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গত শুক্রবার সকাল থেকে এ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করেছে। দিন রাতে অন্তত ১০-১৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। গরম ও বিদ্যুৎ বিভ্রাটের তীব্রতায় রমজানে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শেষ মুহূর্তে ধানে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বই নিয়ে বসতে পারছে না আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। এলাকা ভিত্তিক সময় নির্ধারণ করে লোডশেডিং দেওয়ার জন্য নির্দেশনা থাকলেও তা মানছে না মণিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তর। এতে করে এলাকা ভিত্তিক দীর্ঘ সময় ধরে থাকছে লোডশেডিং।
পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং তীব্র হয়েছে। মণিরামপুরে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে অর্ধেকের কম।
উপজেলার মামুদকাটি গ্রামের রাসেল পারভেজ বলেন, ইফতারি ও তারাবির সময়ও বিদ্যুৎ থাকছে না। শনিবার রাতে ২-৩ বার লোডশেডিং হয়েছে। এক ঘণ্টা পর পর ১০-১৫ মিনিট বিদ্যুৎ দিয়ে আবার চলে যাচ্ছে। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাজমুল হোসেন জানায়, ঈদের পরে পরীক্ষা। রাতে বিদ্যুৎ থাকছে না। বই নিয়ে বসলে বিদ্যুৎ চলে যাচ্ছে। আর লেখাপড়ায় মনোযোগ বসছে না।
রঘুনাথপুর মাঠের সেচ যন্ত্রের মালিক নাজিম উদ্দিন বলেন, বোরো ধানে শেষ মুহূর্তে সেচের দরকার হচ্ছে। বৃষ্টি না হওয়ায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সেচ যন্ত্রে পানি উঠছে কম। এরমধ্যে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। দিন রাত ১০-১৫ বার লোডশেডিং হচ্ছে। সেচ যন্ত্র চালু করে নালা দিয়ে খেতে পানি পৌঁছানোর আগে বিদ্যুৎ চলে যাচ্ছে। এখন সেচ দিতে না পারলে ধান চিটা হয়ে যাবে।
ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানতে চাইলে যশোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ (মণিরামপুর) সদর দপ্তরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শরীফ লেহাজ আলী বলেন, বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় আমরা চাহিদার অর্ধেকের কাছাকাছি সরবরাহ পাচ্ছি। এ জন্য লোডশেডিং বেশি হচ্ছে। আরো কয়েকদিন এ সমস্যা থাকবে।
শরীফ লেহাজ বলেন, এলাকাভিত্তিক লোডশেডিং তালিকা করে দ্রুত প্রকাশ করা হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
